
অনলাইন রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচনে জনগণের কাছে সমাদৃত ও দলীয় জরিপে এগিয়ে থাকা প্রার্থীদেরই বিএনপির মনোনয়ন দেয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ উপলক্ষে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাহিদ হোসেন জানান, প্রায় দেড় বছর আগে থেকেই বিএনপি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। সারাদেশে নেতাকর্মীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। খুব শিগগিরই প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরও বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই তিনি দেশে ফিরবেন এবং নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন।