
নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার এলছেন, মানুষের জীবনে স্বার্থকতা একটাই সেটি হলো মরণের আগে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করে গেলেন। মানুষ অন্যকে ফাঁকি দিলেও নিজেকে ফাঁকি দিতে পারেনা। তিনি এসময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতা আর নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ দেন।
শনিবার রাতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মত বিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব পরামর্শ দেন।
সাতক্ষীরার সিলভার জুবিলী প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়ার মান যথেষ্ট উন্নত উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, প্রাথমিক শিক্ষা পরিবারের যতটুকু সম্পদ ও শক্তি রয়েছে, তা পুরোপুরি কাজে লাগাতে পারলে, প্রধান যে টার্গেট-শিক্ষার্থীদের সক্ষমতা গড়ে তোলা সেটা সম্ভব হবে।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, বর্তমান সভাপতি আবুল কাসেম প্রমুখ।