
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন রদ-বদল করে চেয়ারম্যান আব্দুল আলিমকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ ও আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে দলীয় নেতা-কর্মী ও তার সমর্থকরা। মঙ্গলবার বেলা ১২ টায় দিকে শহরের মিল বাজার মোড় থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক এ বিক্ষোভ মিছিল নিয়ে বের হন।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আমতলা মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে খুলনা-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় যান চলাচল সম্পূর্ণ রুপে বন্ধ হয়ে পড়ে।
এসময় বক্তারা বলেন, চেয়ারম্যান আব্দুল আলিম দীর্ঘ ১৫ বছর ধরে নেতাকর্মীদের দুর্দিনে পাশে থেকেছেন। ত্যাগী নেতা হিসেবে রাজপথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন। একাধিকবার জেল জুলুম ও অত্যাচারের শিকার হয়েছেন। তাকে মনোনয়ন না দিয়ে একজন বহিস্কৃত নেতা কিভাবে মনোনয়ন পান? প্রশ্ন রেখে অবিলম্বে ওই বহিস্কৃত নেতার মনোনয়ন বাতিল পূর্বক আলিম চেয়ারম্যানকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান তারা।
এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এড. নুরুল ইসলাম, সাবেক সদস্য সচিব নুরে আলম সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, জেলা জাসাসের আহবায়ক জিল্লুর রহমান, সাধারন সম্পাদক মোহাম্মদ গনি, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক কাজী আহসান হাবিবসহ আরো অনেকে।