
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় এক সাংবাদিক ও ব্যবসায়ীর বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধী চক্রের দ্বারা চাঁদাদাবি, প্রাণনাশের হুমকি, হামলা, ছিনতাই ও মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক এস. এম নাসির উদ্দিন জেলা পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করে নিজের ও পরিবারের নিরাপত্তা এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আবেদন সূত্রে জানা যায়, এস. এম নাসির উদ্দিন (৩৫) পেশায় একজন সাংবাদিক। তিনি কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সভাপতি এবং একটি দৈনিক পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর অফিস নাজিমগঞ্জ বাজারে অবস্থিত। পাশাপাশি তিনি ভোমরা স্থলবন্দর, সাতক্ষীরায় আমদানি-রপ্তানিকারক হিসেবে “মেসার্স মা এন্টারপ্রাইজ” নামে ব্যবসা পরিচালনা করছেন এবং পানিয়াই এলাকায় একটি মৎস্য প্রকল্পের সঙ্গেও যুক্ত।
আবেদনে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় মাদক ব্যবসায়ী, চোর, ডাকাত, ব্ল্যাকমেইলার, মোটরসাইকেল চোর ও সীমান্ত চোরাচালানকারী একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে তিনি নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছেন এবং অপরাধ দমনে প্রশাসনকে প্রকাশ্যে সহযোগিতা করছেন। এ কারণে ওই অপরাধী সিন্ডিকেটের প্রভাবশালী সদস্যরা ক্ষিপ্ত হয়ে তাকে ও তার পরিবারকে নিয়মিত প্রাণনাশের হুমকি, মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি এবং মানহানিকর হয়রানি করে আসছে বলে অভিযোগ করেন তিনি।
আবেদনে আরও বলা হয়, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে ৫–৬টি মোটরসাইকেলযোগে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি তার বসতবাড়িতে এসে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং ‘সিরাজুল ভাই পাঠিয়েছে’ বলে হুমকি দেয়। চাঁদা দাবি ও হুমকির পর তিনি নিরাপত্তার স্বার্থে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, সেনাবাহিনী, পুলিশ, কোস্টগার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিজিবি ও র্যাবসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেন। পরে সেনাবাহিনী ও পুলিশের তদারকিতে আসামিরা সাময়িকভাবে নীরব থাকে।
তিনি আরও উল্লেখ করেন, ২০১৮ সালে একটি অজ্ঞান করে চুরি ও ব্ল্যাকমেইল চক্রের সদস্য মাসুরা তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলা দায়ের করে, যা পরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল কর্তৃক খারিজ হয়। বর্তমানে তিনি ওই মিথ্যা মামলার বাদী ও সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
সম্প্রতি কালিগঞ্জ থানাধীন মধুসূদন কর্মকারের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় পুলিশ মোবাইল প্রযুক্তির মাধ্যমে তথ্য পেয়ে সাতক্ষীরা শহরের একটি ভাড়া বাসা থেকে মাসুরাকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে চোরাইকৃত স্বর্ণ বিক্রির কথা স্বীকার করেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
এদিকে সর্বশেষ ০২ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে নাজিমগঞ্জ যাওয়ার পথে সিরাজ গং মোটরসাইকেলযোগে তার গাড়ি থামিয়ে পুনরায় চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার শ্যালক আরাবিয়ান এগিয়ে এলে তাকেও মারধর করে গুরুতর আহত করা হয় এবং নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
আবেদনে আরও অভিযোগ করা হয়, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে অভিযুক্ত সিরাজ (৩৮), পিতা: শেখ শাহজামাল, সাং: প্রবাজপুর, কালিগঞ্জ—তার বিরুদ্ধে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে।
এস. এম নাসির উদ্দিন জানান, তার পরিবার শান্তিপ্রিয় হলেও ধারাবাহিক হুমকি ও সহিংস ঘটনায় তারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা এবং নিজের ও পরিবারের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।