
নিজস্ব প্রতিনিধি: কাল (২৬জানুয়ারি) প্রবীণ রাজনীতিবিদ সাবেক জাতীয় সংসদ সদস্য আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জননেতা মরহুম এড. এ এফ এম এন্তাজ আলীর ২৮তম মৃত্যু বার্ষিকী।
প্রবীণ এ রাজনীতিবিদ ১৯৯৮ সালের ২৬ জানুয়ারি পবিত্র শবে ক্বদরের রাতে মৃত্যুবরণ করেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান কেন্দ্রীয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি এবং ৭১ এর যুদ্ধকালীন সময় মুজিব বাহিনী সাতক্ষীরার (তৎকালীন সময় সাতক্ষীরা মহকুমা) প্রধান ছিলেন।
এড. এ এফ এম এন্তাজ আলী ঢাকায় ৬ দফা আন্দোলনে রাজধানীতে রাস্তায় টায়ার জ্বালিয়ে আন্দোলন শুরু করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দিয়ে জোরদার করতে এড. এ এফ এম এন্তাজ আলী সাতক্ষীরা জেলায় চলে আসেন। এছাড়া তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির সাতক্ষীরা জেলার সভাপতি ছিলেন। স্বৈরাচারী এরশাদ সরকারের সময় ১৯৯০ সালে সর্ব দলীয় ও ১৯৯৬ সালে জেলার আহবায়কের দায়িত্ব পালন করেন।
তাছাড়া তিনি সাতক্ষীরার সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক, রাজনৈতিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। মরহুম এড. এ এফ এম এন্তাজ আলী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের সাথে যোগাযোগ রেখে অস্ত্র এনে মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিয়ে তাদেরকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি ১৯৭০ সালে বীরমুক্তিযোদ্ধা খসরু আলমগীরকে সাতক্ষীরা কারাগার থেকে পালাতে ও সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাককে ভারতে নিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্র নিয়ে ঢাকায় ফিরে যাওয়ার ব্যবস্থা করেন। এ নেতা আজীবন দেশ, জাতি ও অসহায় মানুষের জন্য কাজ করে গেছেন।
তার ২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ২৬ জানুয়ারী মরহুমের সাতক্ষীরা পলাশপোলস্থ নিজ বাড়িতে দিনব্যাপি কুরআন খতম, এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে পরিবারের পক্ষ থেকে সকল উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা হয়েছে।