
তাপস কুমার ঘোষ, বিশেষ প্রতিনিধি, (সাতক্ষীরা) কালিগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আগামীকাল অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল থেকেই উপজেলার বিভিন্ন হাটবাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে মানুষের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
উপজেলার গুরুত্বপূর্ণ হাট বাজারের মধ্যে নাজিমগঞ্জ, নলতা, রতনপুর, কৃষ্ণনগর, বাঁশতলা, বিষ্ণুপুর ,কুশুলিয়া মৌতলাসহ বিভিন্ন এলাকার বাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে ঘুরে দেখা যায়, নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে চায়ের দোকান, আড্ডাস্থল ও জনবহুল এলাকায় ভোট ও নির্বাচন সংশ্লিষ্ট নানা আলোচনা জমে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মসূত্রে দীর্ঘদিন এলাকার বাইরে অবস্থান করা বহু মানুষ ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে নিজ নিজ গ্রামে ফিরে এসেছেন। ফলে গ্রামাঞ্চলের সড়ক, বাজার ও জনসমাগমস্থল গুলোতে বেড়েছে মানুষের আনাগোনা। এতে পুরো উপজেলাজুড়ে তৈরি হয়েছে এক মিলনমেলার পরিবেশ।
সাধারণ ভোটারদের প্রত্যাশা, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও লক্ষ্য করা গেছে বিভিন্ন এলাকায়।
সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কালিগঞ্জে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ, যা স্থানীয় জনজীবনে এনে দিয়েছে নতুন প্রাণচাঞ্চল্য ও প্রত্যাশার সুর।