
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনির ফকরাবাদে মাদকের টাকা দিতে অস্বীকার করায় মাদকাসক্ত ছেলের বেপরোয়া মারপিটে গুরুতর আহত হয়েছে গর্ভধারিণী মা। গুরুতর আহত মা মোছাঃ ফজিলা বেগম (৫৩) কে আশঙ্কাজনক অবস্থায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ছেলে মোঃ রমজান বিশ্বাস (২৮) এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মা বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের রফিকুল বিশ্বাস (আঙ্গুর) ও মোছাঃ ফজিলা বেগমের ছেলে মাদক সেবনকারী রমজান বিশ্বাস (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাত ৮টার দিকে তার মায়ের কাছে মাদক কেনার টাকা চাইলে মা ফজিলা বেগম তা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চরম ক্ষিপ্ত হয়ে ঘরবাড়ি ভাঙচুর করতে থাকলে মা বাধা দেওয়ায় অতর্কিতভাবে মাকে কোদালের আছাড় দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে পা ভেঙ্গে গুরুতর আহত করে।
মাদকাসক্ত ছেলের হাত থেকে জীবন রক্ষায় মা ফজিলা বেগম চিৎকার চেঁচামেচি করতে থাকলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে বাড়িতে উপস্থিত হয়। ছেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ সময় উপস্থিত লোকজন গুরুতর আহত ফজিলা বেগমকে আশাশুনি হাসপাতালে নিয়ে আসে।
উল্লেখ্য রমজান বিশ্বাস এলাকার মাদক সেবনকারী বিভিন্ন ব্যক্তির সাথে মিশে নেশায় আসক্ত হয়ে প্রায় সময় মাদক সেবন করা সহ মোবাইলে অনলাইনে জুয়া খেলে। এ টাকা জোগাড়ের জন্য পিতা-মাতাকে চাপ দিতে থাকে। তারা টাকা দিতে অস্বীকার করায় এরআগেও একইভাবে কয়েক বার মারপিট করে জখম করে।
ছেলের অত্যাচার থেকে রেহাই পেতে প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন পিতা-মাতাসহ এলাকাবাসী।