
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সহকারী শিক্ষক আছিয়া পারভীনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (০৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় কালিগঞ্জ উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি: এস–১২০৬৮) কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কালিগঞ্জ উপজেলার ৬৩ নং বেনাদোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছিয়া পারভীনের ওপর একই বিদ্যালয়ের ভুয়া জমিদাতা সদস্য পরিচয়দানকারী কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামের মাওলা বকস্ মোড়লের ছেলে মো. আরিফুল ইসলাম (লিটু) হামলা, মারধর ও প্রাণনাশের হুমকি দেন এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করেন।
সমাবেশে বক্তারা বলেন, একজন শিক্ষকের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং নিরাপত্তাজনিত কারণে দেওয়া ডেপুটেশন আদেশ প্রত্যাহার করে শিক্ষক আছিয়া পারভীনকে পূর্বের কর্মস্থলে পুনর্বহাল করতে হবে।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহিনা আক্তার চায়নার সভাপতিত্বে ও বিশ্বনাথ অধিকারী শীলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এস.এম. গোলাম রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমির হোসেন মিঠু, শিক্ষক নেতা জাকিয়া সুলতানা, শহিদুল ইমরান, দেবদাস মন্ডল, দেবাশিষ অধিকারী, সহকারী শিক্ষক আবু আসলাম ও গোলাম মোস্তফা।
মানববন্ধন শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন এবং দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।