
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে দস্যুতা মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি মিশুক (ইজিবাইক) উদ্ধার করা হয়। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম-এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীবের সার্বিক তত্ত্বাবধানে এবং কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই শাহাদত হোসেন, এএসআই সেলিম রেজাসহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযান চালিয়ে কালিগঞ্জ, শ্যামনগর ও সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে কুখ্যাত চোরচক্রের সদস্য মোঃ শাহাজান কবির শাহীন (৪১), মোঃ জয়নাল আবেদীন (৩২) এবং মোঃ আব্দুর রহমান (৩৪)-কে গ্রেফতার করা হয়। এসময় সাতক্ষীরা সদর থানার বাঙ্গালের মোড় এলাকা থেকে ছিনতাই হওয়া মিশুক ভ্যানটি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত অপর আসামি মোঃ ইকরামুল কবির (৩৮)সহ অজ্ঞাতনামা আরও দুইজন বর্তমানে পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।মামলার বিবরণে জানা যায়, গত ১৫ মার্চ ২০২৬ তারিখ সকালে বাদীর ভাইপো মেহেদী হাসান সিয়াম (১৫) নাজিমগঞ্জ বাজারে যাত্রী নিয়ে যাওয়ার পর পূর্ব পরিকল্পিতভাবে একদল দস্যু তাকে টার্গেট করে। পরে কৌশলে মোটরসাইকেলের পিছু নিতে বলে নির্জন এলাকায় নিয়ে যায়।
সেখানে মুখোশধারী কয়েকজন আসামি তাকে প্রাণনাশের হুমকি দিয়ে মুখ বেঁধে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের মিশুক ভ্যানটি ছিনতাই করে নেয়।
পরবর্তীতে ছিনতাই হওয়া মিশুকটি আসামিরা অন্য দুইজনের কাছে বিক্রি করে দেয়। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মূল আসামিকে শনাক্ত করে এবং প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গ্রেফতার ও মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।এ ঘটনায় মোঃ আব্দুস সাত্তার বাদী হয়ে কালিগঞ্জ থানায় দস্যুতা ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের অভিযোগে মামলা দায়ের করেছেন (মামলা নং-১৫, তারিখ: ১৮/০৩/২০২৬, ধারা-৩৯২/৪১২ পেনাল কোড)।
পুলিশের এক কর্মকর্তা জানান, “আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ তৎপর রয়েছি। দস্যুতা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। পলাতকদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।স্থানীয়দের মধ্যে পুলিশের এ সফল অভিযানে স্বস্তি ফিরে এসেছে এবং অপরাধ দমনে পুলিশের এমন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন।