
স্পোর্টস ডেস্ক: দারুণ ছন্দে আছেন মুমিনুল হক। বাঁহাতি এই ব্যাটার আগের তিন ইনিংসে ফিফটি পেয়েছিলেন। এবার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ইনিংসেও পেয়ে গেলেন ফিফটির দেখা।
তিনি উইকেটে এসেছেন ম্যাচের একেবারে শুরুতেই। দিনের সপ্তম ওভারে মাহমুদুল হাসান জয়ের বিদায়ে ব্যাট হাতে নেমেছেন। এর কিছুক্ষণ পরই অন্য ওপেনার সাদমান ইসলাম বিদায় নেন।
দলের ইনিংস বিপর্যয় ঠেকাতে এরপর যা করতে হয়, তাই করেছেন মুমিনুল। ওপাশে নাজমুল হোসেন শান্ত আক্রমণাত্মক ক্রিকেট খেলেছেন, শাহিন শাহ আফ্রিদিসহ বাকি পাকিস্তানি বোলারদের মনোবল ভেঙে দিয়েছেন, কৌশলও বদলাতে বাধ্য করেছেন।
এপাশে মুমিনুল ছিলেন সহায়ক ভূমিকায়। স্ট্রাইক রোটেট করেছেন সময়ে সময়ে, তবে বাজে বল পেলে ছাড়েনওনি। এখন পর্যন্ত ৬টি বাউন্ডারি হাঁকিয়েছেন। আর তাতেই তিনি পেয়ে গেছেন ক্যারিয়ারের ২৬তম আর টানা চতুর্থ ফিফটির দেখা।
এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টানা তিন ইনিংসে ফিফটি করেছিলেন তিনি। এবার তার শিকারের তালিকায় যোগ হলো পাকিস্তানের নামও।