
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: “প্রভাতের আলোয় একঝাঁক পায়রা” স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় ‘আবাবিল’ নামের একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। সমাজের গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান এবং বিভিন্ন আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনটির মূল উদ্দেশ্য হলো সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা, মাদকমুক্ত সমাজ গঠন, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা ও সুশিক্ষা নিশ্চিত করা। সংগঠনের কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে, সমাজের সর্বস্তরের মানুষ তাদের কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করতে সহযোগিতা ও পরামর্শ প্রদান করবেন।
শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টায় দেবহাটা উপজেলার চরশ্রীপুর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ওসমান গনি বাবলা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. হোসেন আলী সরদার, বীর মুক্তিযোদ্ধা মো. ওহেদ আলী সরদার, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশীদ, দেবহাটা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, অধ্যক্ষ রবিউল ইসলাম ও আবুল হাসান, ‘দরদী’-র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সংগঠনটির অন্যতম পরিচালক নাসিম হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামাল হোসেন, ‘আবাবিল’ পরিবারের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সুমন, শরিফুল ইসলাম, কবির হোসেন, খায়রুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আবুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিভিন্ন হাফেজে কুরআন, বীর মুক্তিযোদ্ধা, হাজী, বিশিষ্ট কবি-সাহিত্যিক, ক্রীড়াবিদ, শিক্ষাবিদ, চিকিৎসক, আলোকিত পিতামাতা, কৃতি শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, ‘আবাবিল’ সংগঠনটি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা দূরীকরণ, মানবিক মূল্যবোধসম্পন্ন ও আলোকিত মানুষ গড়ে তোলা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবে।