
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি সদর ইউনিয়নের আদালতপুর গ্রামে মুরগির খামারের সোলার ব্যাটারি চুরির অভিযোগে যুবককে আটক পর গণধোলাই শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোদন্ডা গ্রামের স্বাধন চন্দ্র দাশের ছেলে প্রদীপের মুরগির খামার থেকে সোমবার সন্ধ্যায় একটি সোলার ব্যাটারি চুরি হয়। পরদিন সকাল ৯টার দিকে আদালতপুর গ্রামের জয়নাল গাজীর ছেলে ইউনুছ গাজী ব্যাটারি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন দেখে স্থানীয়দের সন্দেহ হয়। একই গ্রামের রুবেল বিষয়টি টের পেয়ে তাকে আটক করেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে বহু লোক জড়ো হয়। গ্রাম পুলিশ এবাদুল ইসলাম সেখানে উপস্থিত হন।
স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ইউনুছ ব্যাটারিটি চুরি করেনি, একজনের কাছ থেকে নিয়েছে বলে দাবী করেন।
ব্যাটারী মালিক প্রদীপ দাশ জানান, আগেও তার বাড়ি থেকে একটি এফজেড ডিলাক্স মোটরসাইকেল, একটি দেড় ইঞ্চি পানির মোটর ও তিন কয়েল বৈদ্যুতিক তার চুরি হয়েছিল। কিন্তু ওই ঘটনাগুলোরও কোনো সুরাহা হয়নি।
স্থানীয়দের ভাষ্য, ইউনুছ মাদকাসক্ত এবং অতীতেও বিভিন্ন ঘটনায় তাকে সতর্ক করা হয়েছিল। পরে ভবিষ্যতে আর কোনো চুরি বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবেন না—এমন অঙ্গীকারের ভিত্তিতে তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
খবর পেয়ে আশাশুনি থানার এসআই কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।