
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলের বিভিন্ন চিংড়ি ঘের থেকে রাতের আঁধারে বিপুল পরিমাণ মাছ চুরির অভিযোগ উঠেছে। পরপর চুরির ঘটনায় ঘের মালিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
মৎস্যচাষি ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা কাদাকাটি ও ঝাউবুনিয়া বিল এলাকার কয়েকটি চিংড়ি ঘেরে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যায়। শুক্রবার সকালে ঘের মালিকরা ঘেরে গিয়ে মাছের পরিমাণ কম দেখতে পান। পরে আশপাশে খোঁজ নিয়ে মাছ চুরির বিষয়টি নিশ্চিত হন বলে তারা জানান।
চিংড়ি ঘের মালিক আব্দুল মান্নান ও মাসুদ রেজা বলেন, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন ঘেরে মাছ চাষ করে আসছেন। মাছ চুরির ঘটনায় তাদের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে। তাদের ভাষ্য, অনেক কষ্ট ও অর্থ বিনিয়োগ করে মাছ বড় করার পর রাতের আঁধারে চুরি হয়ে যাওয়ায় তারা ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয় রাখেদুল ইসলাম ও মাহমুদ আলী খান জানান, প্রতি বছরই এ এলাকায় বিভিন্ন চিংড়ি ঘের থেকে মাছ চুরির ঘটনা ঘটে। কিন্তু চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার ক্ষেত্রে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। রাতে পর্যাপ্ত পাহারার ব্যবস্থা না থাকায় মাছের ঘেরের পাশাপাশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানেও চুরির আশঙ্কা থাকে।
তারা দ্রুত মাছ চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় চিংড়ি ঘের মালিকরা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।