
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে একদল সন্ত্রাসী কর্তৃক গরীব অসহায় কৃষকের কাছ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটপাট করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর আয়োজনে সকালে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মাতকাটি গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী কৃষক মুজাহিদুল ইসলাম, জমি মালিক মহব্বত গাজী, স্থানীয় বাসন্দা জাহাঙ্গীর গাজী, হান্নান গাজী, তরিকুল গাজী, গোপাল মন্ডল, গোবিন্দ মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, কৃষক মুজাহিদুল ধলবাড়িয়া ইউনিয়নের মাতকাটি গ্রামের জমি মালিক (মহাজন) মহব্বত গাজীর কাছ থেকে ১০ বিঘা জমি বর্গা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ফসল চাষাবাদ করে আসছেন। সম্প্রতি ওই জমিতে সরিষা লাগানোর পর এলাকার নামধারী সন্ত্রাসী রফিক, সেলিম, শহিদুল, ভঞ্জন ও সাগরসহ একটি গ্রুপ তার বর্গাকৃত জমিতে লাগানো সরিষা জোরপূর্বক কেটে নিয়ে যায়।
একই জমিতে এর আগে ধান লাগানোর পর ওই চাঁদাবাজ গ্রুপের তাকে ৫ হাজার টাকা চাঁদা দিতে হয়। সন্ত্রাসী এই গ্রুপটি ওই এলাকার সাধারন মানুষকে জিম্মি করে এভাবে চাঁদাবাজি করে থাকে। বক্তারা আরো বলেন, সন্ত্রাসী ওই গ্রুপটি ফ্যাসিষ্ট আওয়ামীলীগের আমলে ওই দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কাজে লিপ্ত থাকতো। আর এখন আবার তারা সুর পাল্টিয়ে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী শুরু করেছে। তাদের দাপটে বর্তমানে এলাকার সাধারন মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।
বক্তারা এসময় সন্ত্রাসী ওই গ্রুপের হাত থেকে রেহাই পেতে সরকারসহ স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।