
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে বিষাক্ত রাসায়নিক মিশ্রিত বিপুল পরিমাণ অপরিপক্ক আম জব্দ করা হয়েছে। পরে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এসব আম বিনষ্ট করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া একটি পিকআপ থেকে মালিকবিহীন অবস্থায় ১৬৮ ক্যারেট, অর্থাৎ প্রায় ৩৩৬০ কেজি অপরিপক্ক ও রাসায়নিক মিশ্রিত আম জব্দ করা হয়।
এ সময় আম পরিবহনের দায়ে উপজেলার মোমরেজপুর গ্রামের পিকআপ চালক মো. শাহিন হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০০০ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।
অভিযান শেষে জব্দকৃত আম শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন ভেড়িবাঁধ সড়কে ট্রাকের নিচে চাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে।
বিজিবির সহায়তায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।
ভ্রাম্যমাণ আদালতের নথি অনুযায়ী, দণ্ডবিধি ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।