
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শেখ সোহারাব হোসেন (বাহার -৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের মরহুম রওশন আলী শেখের ছেলে। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, তিন মেয়ে ও দুই স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা সোহারাব হোসেন স্ট্রোকজনিত কারণে প্যারালাইসিস হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
বুধবার ভোর চারটার দিকে সাতক্ষীরার কামলনগরস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন।
বুধবাবার (৫ নভেম্বর) জোহরবাদ সাতক্ষীরার কামালনগর ঈদগাহ ময়দানে প্রথম জানাজা ও আসরবাদ কালিগঞ্জ মহৎপুর গোরস্থান ঈদগাহ ময়দানে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজা মন্ডলের নেতৃত্বে ও সাতক্ষীরা জেলা পুলিশ দল কর্তৃক রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও মহৎপুর রওজাতুল জান্নাত মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম মোস্তফার ইমামতিতে দ্বিতীয় জানাজা শেষে মহৎপুর সরকারি গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
এ সময় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আব্দুর রউফ, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মাদ আব্দুল্লাহ, কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য শেখ নাজমুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খান আহসানউল্লাহ, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এস এম গোলাম ফারুক সহ বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লি উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা শেখ সোহারাব হোসেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারতের হিঙ্গলগঞ্জসহ টাকি, পিপা ও বিহার ক্যাম্পে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে ৯ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধকালীন কমান্ডার আবাদুর রহমানের নেতৃত্বে সাতক্ষীরার উজিরপুর, আশাশুনিসহ বিভিন্ন সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন।
তাঁর মৃত্যুতে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড গভীর শোক জ্ঞাপন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।