
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টি বর্তমানে বন্ধ থাকায় ভবনের ঢালাইয়ের কাজ চলছিল। এসময় ০৮ নং ওয়ার্ড জাতীয়তাবাদী দল (বিএনপি) সেক্রেটারি মোঃ বিল্লাহ হোসেন কাজের মান যাচাই করতে গেলে তিনি দেখতে পান প্লিয়ারের রিং রড প্রয়োজনের তুলনায় কম এবং পাথর, বালু ও সিমেন্টের অনুপাত ঠিকমতো না মিশিয়ে ঢালাইয়ের কাজ করা হচ্ছে।
এ বিষয়ে মোঃ বিল্লাহ হোসেন বলেন, আমি যখন নির্মাণস্থলে যাই, দেখি নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে। এভাবে কাজ চললে ভবন দীর্ঘস্থায়ী হবে না।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য মোঃ আঃ সাত্তার গাইন, সাবেক সদস্য মোঃ আশারাফ হোসেনসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে কাজ পরিদর্শন করেন। তাদের উপস্থিতিতে কাজের অনিয়ম প্রমাণিত হয়।
পরে বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হলে, উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল এসে পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেন নির্মাণ শ্রমিকদের।
স্থানীয়রা জানান, সরকারের অর্থে পরিচালিত শিক্ষা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের এসব কাজে এমন অনিয়ম হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঝুঁকির মুখে পড়বে।
তারা দ্রুত তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।