
অনলাইন ডেস্ক: চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি ও গণঅধিকার পরিষদের দুই প্রার্থীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
নগরীর লাভলেনে অবস্থিত চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তথা রিটার্নিং অফিসার বেলায়েত হোসেন চৌধুরী এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল ঘোষণা করেন।
যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করা প্রার্থীদের আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে তারা হলেন- জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল আলম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনীত প্রার্থী দীপা মজুমদার, জাতীয় পার্টির প্রার্থী আবু তাহের, গণফোরামের প্রার্থী উজ্জ্বল ভৌমিক, ইসলামিক ফ্রন্টের প্রার্থী মুহাম্মদ আবু তাহের, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মো. নিজামুল হক আল কাদেরী ও ইনসায়িত বিপ্লব বাংলাদেশের প্রার্থী মো. আজিজ মিয়া।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর ভুঁইয়ার ১ শতাংশ ভোটারের যে স্বাক্ষর প্রয়োজন হয়- জমা দেওয়া কাগজপত্রে এর মধ্যে ৫ জনের স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন; ইসলামী আন্দোলনের প্রার্থী মো. নূর উদ্দিনের প্রার্থিতা বাতিল হয়েছে দলীয় মনোনয়নে প্রার্থীর সুনির্দিষ্ট নাম, আসন নম্বর ও ভোটার নম্বর না থাকায়; গণঅধিকার পরিষদের প্রার্থী মুহাম্মদ নেজাম উদ্দিনের প্রার্থিতা বাতিল করা হয়েছে সিটি করপোরেশনে ৯৭ হাজার ১৭৫ টাকা পরিশোধ না করায়; বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রার্থী একেএম আবু তাহেরের প্রার্থিতা বাতিল করা হয়েছে ঋণ খেলাপির কারণে।