
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্লা ইউনিয়নে সংবাদের অনুসন্ধানে গিয়ে হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ) বিকাল ৩ টার দিকে কুল্লা ইউনিয়নের কেশবতী বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কুল্লা ইউনিয়ন পরিষদের সদস্য মাজেদ গাজি দীর্ঘদিন ধরে সরকারি নির্ধারিত ২৭ টাকার টিএসপি সার ৩৬ টাকায় কৃষকদের নিকট বিক্রি করে আসছে—এরই অনুসন্ধানে সংবাদ সংগ্রহ করতে যান যমুনা টিভির প্রতিনিধি আকরামুল ইসলাম।
সংবাদ সংগ্রহের সময় কোনো কারণ ছাড়াই ইউপি সদস্য মাজেদ গাজি ও তার সহযোগী চামচা বাহিনী অতর্কিত হামলা চালায়।
এ সময় হামলাকারীরা সাংবাদিক আকরামুল ইসলাম কে ক্যামেরা, লোগো ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে ছুড়ে ফেলে দেয়। এমনকি হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় সাতক্ষীরার সাংবাদিক সমাজ তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। তারা বলেছেন—সাংবাদিকদের উপর হামলা স্বাধীন গণমাধ্যমের উপর হামলার শামিল। সার খাদক ও দুর্নীতিবাজদের অপকর্ম প্রকাশ করার অপরাধে একজন সাংবাদিক লাঞ্ছিত হওয়া গণতান্ত্রিক ব্যবস্থায় লজ্জাজনক।
সাংবাদিক নেতারা অবিলম্বে হামলাকারী মাজেদ গাজি ও তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তারা সতর্ক করে বলেন—দোষীদের বিচারের আওতায় না আনা হলে মাঠে তথ্যসংগ্রহকারী সাংবাদিকদের জীবন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।
এদিকে এ ঘটনায় আশাশুনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্থানীয় সচেতন নাগরিকরা বলেন—চাষিদের প্রাপ্য সার লুট করে যারা সম্পদ গড়ে এবং সাংবাদিকদের ওপর হামলা চালায়—তাদের আইনের আওতায় আনা জরুরী।