
নিজস্ব প্রতিনিধি: কল রেকর্ডকে কেন্দ্র করে সাতক্ষীরায় জেলা ছাত্রদলের সহ-সভাপতিসহ ১০ জন নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
আহতদের মধ্যে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পী, তার বড় ভাই রাজিব হোসেন, আব্দুর রকিব, বকুল হায়দার, জাহিদ হাসান, ছাত্রদল নেতা আব্দুস সালাম, তহিদুল হোসেন ও মাহামুদুল হাসান রয়েছেন। তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পীর অভিযোগ, ঘোনা এলাকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. নাজমুল হাসানের একটি কল রেকর্ড শনিবার তাদের হাতে আসে। ওই কল রেকর্ডে ছাত্রদলের এক নেতা ও বিএনপিকে নিয়ে অশালীন মন্তব্য করা হয়েছে বলে দাবি করেন তিনি। বিষয়টি জানতে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন নাজমুলের কাছে গেলে তাকে আটকে রাখা হয়।
বাপ্পী বলেন, জাহিদ হোসেনকে আটকে রাখার খবর পেয়ে তিনি কয়েকজন ছাত্রদল নেতাকর্মীকে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। হামলাকারীরা বাঁশের লাঠি ও লোহার রড ব্যবহার করেন বলেও দাবি তার।
তার দাবি, হামলায় তিনিসহ ১০ জন আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আহত ছাত্রদল নেতা আব্দুস সালাম বলেন, ঘোনা ইউনিয়নের একটি বৈঠক থেকে বের হওয়ার পর ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এতে মনজুরুল আলম বাপ্পীসহ ১০ জন আহত হন।
জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান অভিযোগ করেন, স্থানীয় জামায়াতের শেল্টারে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে। তিনি ঘটনার নিন্দা জানিয়ে হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।