
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার শহরের খুলনা রোড মোড়ে এ বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার আহ্বায়ক আরাফাত হোসাইন, নাজমুল হক রনি, মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান।
বিক্ষোভে স্লোগান ছিলো, একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর। জুলাই স্মৃতি স্তম্ভে আগুন কেনো প্রশাসন জবাব চাই, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। এমন ধরনের স্লোগানে পরিবেশ উত্তাল হয়ে ওঠে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দিবাগত রাত নয়টার দিকে সাতক্ষীরা শহরে নির্মিত জুলাই স্মৃতি স্তম্ভে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় কে বা কারা। তবে, যুবলীগ এই আগুন দিয়েছে এমন একটি ভিডিও রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ভিডিওতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার দৃশ্য রয়েছে। একই সাথে যুবলীগ ও শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া হয়েছে।