
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর তাঁর সহযোগীদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলা ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিস্ফোরক অভিযোগ এনেছেন তাঁর সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান।
সোমবার (২০ জুলাই) জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট লিখিত আবেদন জানিয়েছেন।
ঘটনার বিবরণে ওবায়দুর রহমান জানান, বিগত ১৪ জুলাই রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় রাজধানীর পল্লবী থানাধীন উত্তর কালশীর আলীনগরে অবস্থিত ‘রোজ গার্ডেন টাওয়ার ২’-এর ডি-২ ফ্ল্যাটে তিনি অবস্থান করছিলেন।
অভিযোগ অনুযায়ী, সেই সময় তাঁকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোটা নিয়ে মারাত্মক হামলা চালায় তিন সন্ত্রাসী— দুর্নীতির দায়ে চাকরিচ্যুত পুলিশের সাবেক এসআই জব্বার সরদারের ছেলে আমিন, ইউনুস সরদারের ছেলে মাসুম বিল্লাহ এবং মোক্তাসিম বিল্লাহ।
আবেদনে উল্লেখ করা হয়, তাঁর উপর এই শারীরিক হামলার শব্দ শুনে পার্শ্ববর্তী কক্ষ থেকে তাঁর মা ও ছোট বোন এসে অনেক চেষ্টার পর তাঁকে উদ্ধার করেন।
পরবর্তীতে মা ও বোনের সহায়তায় একটি সিএনজিযোগে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়, যেখানে রাত ১২:৩৮ মিনিটে তিনি ভর্তি হন।
বর্তমানে তিনি আত্মগোপনে আছেন এবং হামলাকারীরা তাঁকে হত্যা করবে বলে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে।
ওবায়দুর রহমানের দাবি, এই হামলার প্রধান নেপথ্য নির্দেশদাতা হলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। তিনি দীর্ঘদিন গাজী নজরুলের ড্রাইভার ও পিএস হিসেবে কাজ করার সূত্রে তাঁর নানা দুর্নীতি, জমি দখল, বালুমহাল দখল, ঘুষ গ্রহণ এবং নারীঘটিত অনৈতিক কর্মকাণ্ডের প্রত্যক্ষদর্শী বলে জানান।
লিখিত আবেদনে এমপি গাজী নজরুলের বিরুদ্ধে একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ড ও সিসিটিভি ফুটেজে তার প্রমাণ থাকার কথা উল্লেখ করেন ওবায়দুর রহমান।
এই অবস্থায়, জীবনের চরম নিরাপত্তাহীনতার কথা জানিয়ে তিনি এই হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের ও পরিবারের জীবনের সুরক্ষা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানিয়েছেন।