
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ধুলিহর এলাকার খাবারে চেতনা নাশক ও স্প্রে দিয়ে চুরি চক্রের মুল হোতা জাকির সানার জামিনের আবেদন না মন্জুর করে জেল হাজতে প্রেরণ করায় এলাকাবাসী স্বস্তি ফিরে পেয়েছে।
জানা গেছে, ধুলিহর সানাপাড়ার মহিউদ্দিন সানার পুত্র জাকির সানা দীর্ঘদিন ধরে এলাকায় চেতনা নাশক স্প্রে দিয়ে চুরির মালামাল ক্রয় ও চোরদের আশ্রয় প্রশ্রয়সহ শেল্টার দিয়ে আসছিল। ইতোপূর্বে তার বাড়ি থেকে চোরাই মোটরসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
এনিয়ে এলাকায় দারুণ উত্তেজনা বিরাজসহ নানান গুঞ্জন চলছিল।ধুলিহর গ্রামের শেখ আসাদুল ইসলামের পুত্র শেখ সাইদুর রহমানের মুরগির খামারে চেতনা নাশক স্প্রে দিয়ে গত ২৫ সালের ১০ নভেম্বর অজ্ঞান করে নগদ দশ হাজার টাকা, একটি ফ্রিজ, মোটর, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, সোলার চার্জার ব্যাটারী, মুরগির ঔষধসহ বিভিন্ন জিনিস পত্র চুরি হয়।
এঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ ফ্রেব্রুয়ারী চেলারডাংগা গ্রামের রহমত ও সানাপাড়ার জাকির সানার বাড়ি থেকে চুরি হওয়া ফ্রিজ ও মোটরসহ বিভিন্ন জিনিস পত্র উদ্ধার করা হয়। এঘটনায় সাইদুর রহমান বাদী হয়ে গত ১ মার্চ সাতক্ষীরা সদর থানায় জাকির সানা, হাবিবুর সানা, শরীফুল ইসলাম, শরীফুল মোল্লা, সাইদ ও আজিজুল হককে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা নং০৪ তারিখ ০১.০৩.২৬ ইং। ধারা-৪৫৭/৩২৮/৩৮০/৪১১ পি সি।
এর আগে ভুক্তভোগী সাইদুর রহমানের বাড়িতে গত ইং ৩১.০১.২২ তারিখে একই ভাবে খাবারে চেতনা নাশক বিষ দিয়ে নগদ একলক্ষ পয়তাল্লিশ হাজার টাকা, একজোড়া কানের দুল,একটি সোনার চেইনসহ বিভিন্ন জিনিস পত্র চুরি করে চিহ্নিত পেশাদার ওই চোর চক্র। সে সময় এঘটনায় থানায় আরও একটি মামলা করেন সাইদুর রহমান। মামলা নং ০৬ তারিখ ০২.০২.২২ ইং।ধারা-৪২৮/৪২৭/৩৮০ পি সি।
ভুক্তভোগী সাইদুর রহমান আরও জানান- আমার বাড়িতে বিষাক্ত চেতনা নাশক দেওয়ার পর অচেতন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করি। বিষাক্ত চেতনা নাশকের বিষক্রিয়ায় ধীরে ধীরে মৃত্যুর যন্ত্রণা ভোগ করছি। শরীরে নানা রোগব্যাধি বাসা বেঁধেছে। শরীরের ওজন কমেছে ১৭কেজি। আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত: ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ী ইউনিয়নসহ আশেপাশের এলাকায় গত কয়েক বছর যাবৎ একটি চিন্হিত পেশাদার চক্র রান্না করা খাবারে চেতনা নাশক ও স্প্রে দিয়ে বাড়ির সবাই কে অজ্ঞান করে নগদ টাকাসহ বিভিন্ন জিনিস পত্র চুরি করে আসছিল। এনিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে আতংক বিরাজ করছে। ২৭ এপ্রিল সোমবার জি আর-৭৫/২৬(সাত) নম্বর মামলার ১নং আসামি জাকির সানা চেতনা নাশক মামলায় স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত শুনানি শেষে তার জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করায় চুরির আতংকে থাকা
এলাকাবাসীর মধ্যে স্বস্থি ফিরে এসেছে। সচেতন এলাকাবাসী অবিলম্বে পুরো ওই চক্রটির বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।