• আজ- বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া?

রিপোর্টার: / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬

অনলাইন ডেস্ক: দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বৃহস্পতিবার (২৮ মে)। তবে ঈদের এই আনন্দের দিনে বাগড়া দিতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন রাজধানীসহ দেশের অধিকাংশ অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বুধবার (২৭ মে) আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ করছে। এর প্রভাবেই মূলত ঈদের দিন দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টির এই প্রবণতা দেখা যাবে।

বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

ঈদের দিনে তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সীতাকুণ্ডে সর্বোচ্চ ১০৩ মিলিমিটার এবং ফেনীতে ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজধানী ঢাকায় ৪২ মিলিমিটার, গোপালগঞ্জে ৩৮ মিলিমিটার, ফরিদপুরে ৩৭ মিলিমিটার এবং চট্টগ্রামে ৫৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে খুলনা ও মোংলা অঞ্চলের তাপমাত্রা ছিল দেশের মধ্যে সর্বোচ্চ, যথাক্রমে ৩৫.৬ এবং ৩৬.০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঈদের দিন বাদেও পরবর্তী ৪ দিনও (২৯-৩১ মে) দেশের বড় অংশজুড়ে বৃষ্টির দাপট বজায় থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ