
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারিঘাটা ব্রিজের পূর্ব পাশে বয়ারবাতান থেকে তেতুলডাঙ্গা অভিমুখে নির্মিত পাকা রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থাকায় জনসাধারণের চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে রাস্তার মাঝখানে৩০-৫০ টি বৈদ্যুতিক খুঁটিটি বসানো থাকলেও অপসারণ বা স্থানান্তরের কোনো উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তা দিয়ে হেঁটে চলাচলের সময় সামান্য অসাবধানতা হলেই খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হতে হয়। বিশেষ করে রাতে কিংবা বর্ষাকালে এ ঝুঁকি আরও বেড়ে যায়।
পথচারী রহুল আমিন বলেন, এই রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বেখেয়াল হলে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সংঘর্ষের আশঙ্কা থাকে। চলাচল খুবই বিপজ্জনক হয়ে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দা ইয়াছিন মোল্লা জানান, রাস্তার মাঝখানে খুঁটি থাকায় অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। বর্ষাকালে রাস্তা পিচ্ছিল থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সাইকেল চালিয়ে যাতায়াতের সময় প্রায়ই সমস্যার সম্মুখীন হয়। সামান্য ভুল হলেই খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটতে পারে।
শহিদুল ইসলাম মন্টু জানান, জনস্বার্থে দ্রুত বৈদ্যুতিক খুঁটিটি স্থানান্তর করা প্রয়োজন। অন্যথায় যেকোনো সময় প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে রাস্তার মাঝখানে থাকা বৈদ্যুতিক খুঁটিটি অপসারণ বা নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করবে, যাতে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হয়।