
নিজস্ব প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে পূজা উদযাপন কমিটির সাথে সাতক্ষীরা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় জেলা শহরের একটি অভিজাত কনভেশান সেন্টারে এক মতবিনিময় সভার আয়োজন করে সাতক্ষীরা পৌর ও সদর জামায়াত।
সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশারফ হোসেনের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম ও সদর সেক্রেটারী হাবিবুর রহমান সভাটি সঞ্চালনা করেন । মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলার সভাপতি স্বপন কুমার শীল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন, সহ-সভাপতি গোপাল চন্দ্র ঘোষাল, কাটিয়া সার্বজনীন মন্দিরের সভাপতি পৌর চন্দ্র দত্ত, সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম। সভায় জেলা, পৌরসভা ও সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় জামায়াত নেতৃবৃন্দ পূজা উদযাপন কমিটিকে অনেক ব্যস্ততার পর সংগঠনের আহবানে সাড়া দেয়ার জন্য শুভেচ্ছা জানান।
এসময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক সহাবস্থানে বসবাস করে আসছে। জামায়াতে ইসলামী সব সময় এ দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে কাজ করে যাচ্ছে। ”পূজা উদযাপন কমিটির পক্ষ থেকেও দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তা ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয় এবং সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান এক আনন্দঘন পরিবেশে, সৌহার্দ্য ও আন্তরিকতার এক উজ্জ্বল নিদর্শন পরিলক্ষিত হয়।
সভা শেষে উভয় পক্ষই জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং আসন্ন দুর্গাপূজার নির্বিঘেœ সফল করতে পরস্পরের সহযোগিতা কামনা করেন।