
প্রেস বিজ্ঞপ্তি: শ্যামনগরে উপকার ভোগীদের সাথে উপজেলা মহিলা বিষয়ক অফিসের সেবা সম্পর্কিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৩৬ নং আড়পাংগাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাইক্লোন শেল্টার প্রাঙ্গণে বুড়িগোয়ালিনী ইউনিয়ন ক্লাইমেট এ্যাকশন গ্রুপের আয়োজনে লিডার্স, মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় এ গণশুনানির আয়োজন করা হয়।
গণশুনানি সামাজিক জবাবদিহিতার একটি টুলস যার মাধ্যমে সেবাদাতাগনের সেবার মান উন্নীত করার পাশাপাশি সেবাদাতা ও সেবা গ্রহীতার মাঝে সেতু বন্ধন তৈরি করে। সেই সাথে সেবা গ্রহীতা এবং সাধারন মানুষের অধিকার সম্পর্কে সচেতনতা ও ক্ষমতায়নের পথ তৈরি করে, এই লক্ষ্যে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক। উপস্থিত ছিলেন ওয়ান স্টপ ক্রাইসিস সেলের (ওসিসি) প্রোগ্রাম অফিসার প্রণব বিশ্বাস, শ্যামনগর থানার এসআই কামরুল ইসলাম, মহিলা উন্নয়ন কর্মী মাবিয়া সুলতানা, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এর ইউপি সদস্য উমা রানী মল্লিক, ২ নম্বর ওয়ার্ড এর ইউপি সদস্য মাহতাব উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড এর ইউপি সদস্য মোকিন্দ পাইক, উপকূলীয় প্রেসক্লাবের সম্পাদক হুদা মালী ও লিডার্স এর কর্মকর্তাবৃন্দ।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ এর সভাপতিত্বে গণশুনানিতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী।
প্রধান অতিথি গণশুনানিতে উপজেলা মহিলা বিষয়ক অফিসের সকল সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, মহিলা বিষয়ক অফিস থেকে নারীদের জন্য ক্ষুদ্র ঋণ, প্রশিক্ষণ, ভিজিডি কার্ড প্রদান, বাল্যবিয়ে প্রতিরোধসহ ১২ ধরনের সেবা দেওয়া হয়। এসব সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়াও শ্যামনগর উপজেলার ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) প্রোগ্রাম অফিসার প্রণব বিশ্বাস তার অফিসের সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
গণশুনানিতে উপকারভোগীরা তাদের সেবা প্রাপ্তিতে যেসব সমস্যা ও প্রতিবন্ধকতা রয়েছে তা তুলে ধরেন ও সমাধানের দাবি জানান।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা সুলতা সাহা।