
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রথম দিনেই চরম গাফিলতি ও প্রশ্ন বিভ্রাটের ঘটনা ঘটেছে। ভূগোল প্রথম পত্রের পরীক্ষার সময় পরীক্ষার্থীদের হাতে ভুলবশত আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য দ্বিতীয় পত্রের প্রশ্ন তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, পরবর্তীতে তা সংশোধন করতে গিয়ে বিগত বছরের (২০২৫ সালের) প্রশ্নপত্র বিতরণেরও অভিযোগ উঠেছে। এই গুরুতর গাফিলতির দায়ে কেন্দ্র সচিবকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পরীক্ষা সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষা শুরুর পর পরীক্ষার্থীদের ভূগোল ১ম পত্রের পরিবর্তে ভুলবশত আগামী ১৮ জুলাইয়ের পরীক্ষার ভূগোল ২য় পত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরীক্ষার্থীরা সেই ভুল প্রশ্নপত্রেই প্রায় ১৫-২০ মিনিট পরীক্ষা দেওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। তাৎক্ষণিকভাবে পরীক্ষার্থীদের কাছ থেকে সেই প্রশ্নপত্র ও উত্তরপত্র ফিরিয়ে নেওয়া হয়।
পরবর্তীতে তড়িঘড়ি করে সঠিক প্রশ্ন দেওয়ার চেষ্টা করা হলেও প্রথমে সৃজনশীল অংশের যে প্রশ্ন সরবরাহ করা হয়, সেটি ছিল ২০২৫ সালের (বিগত বছরের) পুরোনো প্রশ্ন। কয়েক মিনিটের মধ্যে ভুলটি আবারও ধরা পড়লে সেই প্রশ্নও দ্রুত প্রত্যাহার করে নেওয়া হয়। দফায় দফায় এই ভুলের কারণে পরীক্ষা শুরু হতে বিলম্ব হয়। অবশেষে সঠিক প্রশ্নপত্র হাতে পেয়ে পরীক্ষা সম্পন্ন করে শিক্ষার্থীরা। তবে প্রশ্ন বিভ্রাটের কারণে নষ্ট হওয়া সময় পুষিয়ে দিতে পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হয়।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) রিপন বিশ্বাস সাংবাদিকদের বলেন,”প্রশ্নপত্র বাছাইয়ের সময় কলেজ কর্তৃপক্ষের ভুলের কারণেই মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানানো হয়েছে এবং প্রাথমিকভাবে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”
এদিকে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মো. আব্দুস ছালাম জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহারের পাশাপাশি কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
যেহেতু পরীক্ষা শুরুর আগেই দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে চলে গেছে, তাই ১৮ জুলাইয়ের ভূগোল ২য় পত্রের পরীক্ষা নিয়ে এক ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রশ্ন ফাঁসের মতো পরিস্থিতি তৈরি হওয়ায় ওই দিনের পরীক্ষার প্রশ্নপত্র পরিবর্তন করা হবে কি না, সে বিষয়ে যশোর শিক্ষা বোর্ড পরে সিদ্ধান্ত জানাবে বলে জানানো হয়েছে।
সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে স্থানীয় ৪টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিলেন। প্রথম দিনেই পরীক্ষা কেন্দ্রের এমন চরম অব্যবস্থাপনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। তবে শেষ মুহূর্তে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা শেষ করায় শিক্ষার্থীরা কিছুটা স্বস্তি প্রকাশ করলেও আগামী পরীক্ষাগুলোর নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকেরা।