• আজ- রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সুন্দরবনে ‘নানা ভাই বাহিনী’ নিয়ে গেল জেলেকে

রিপোর্টার: / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: উপকূলীয় জনপদে আবারও আতঙ্ক ছড়িয়েছে সুন্দরবনের দস্যুতা। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন-এর অভ্যন্তরে মাছ ধরতে গিয়ে এক জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে কুখ্যাত ‘নানা ভাই বাহিনী’র বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরাগ্রামের এক জেলে শনিবার (২৮ মার্চ) বিকেলে সুন্দরবনের কালাগাছিয়া অফিস সংলগ্ন বাদুরঝুলি খাল এলাকায় মাছ ধরছিলেন। এসময় হঠাৎ করে অস্ত্রধারী দস্যুরা তাকে জিম্মি করে নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, অপহরণের পরপরই দস্যু চক্রটি জেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে জেলেকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

জিম্মি জেলের স্বজনরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে প্রিয়জনকে জীবিত উদ্ধারের দাবি জানিয়েছেন।

স্থানীয় জেলেরা জানান, সুন্দরবনের বিভিন্ন খালে মাছ ও কাঁকড়া ধরতে গেলেই এখন দস্যুদের ভয় পেতে হয়। প্রায়ই তারা জেলেদের আটক করে মুক্তিপণ আদায় করছে, যার ফলে জীবিকার তাগিদে বনে যেতে অনেকেই আতঙ্ক বোধ করছেন।

এ বিষয়ে বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, সুন্দরবনে নিরাপত্তা জোরদার ও দস্যু দমনে কার্যকর অভিযান পরিচালনা না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।

উপকূলীয় এলাকাবাসী দ্রুত দস্যুদের গ্রেপ্তার ও জিম্মি জেলেকে নিরাপদে উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ