
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার জন্য এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
এদিকে, চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির এখন ইরান সফরে রয়েছেন। যুক্তরাষ্ট্র-ইরানের ‘নাজুক’ যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, মুনিরের এই সফর ‘কিছু ক্ষেত্রে মতপার্থক্য কমাতে কার্যকর হয়েছে’।
তবে তিনি উল্লেখ করেন, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে মৌলিক মতভেদ এখনো রয়ে গেছে।
ওই কর্মকর্তা বলেন, ‘যুদ্ধবিরতি বাড়ানো এবং দ্বিতীয় দফা আলোচনা আয়োজনের বিষয়ে নতুন করে আশা তৈরি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ এবং পারমাণবিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ—এগুলো এখনো সবচেয়ে বিতর্কিত বিষয়, যার কোনো সমাধান এখনো পাওয়া যায়নি।’
অন্যদিকে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বুধবার (১৫ এপ্রিল) জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এ তথ্য জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেভিট বলেন, ‘পরবর্তী বৈঠকগুলো খুব সম্ভবত আগেরবারের জায়গাতেই (ইসলামাবাদ) অনুষ্ঠিত হবে।’
লেভিট জানান, বর্তমানে পাকিস্তানই এই আলোচনার একমাত্র মধ্যস্থতাকারী দেশ। তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশই এ প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তবে প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প) মনে করেন, পাকিস্তানের মাধ্যমেই এ যোগাযোগ অব্যাহত রাখা জরুরি। সেই অনুযায়ী কাজ চলছে।’