
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত জ্বালানি তেল চীনের কাছে বিক্রির জোর প্রচেষ্টা চালাচ্ছে ইরান। তেহরানভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ‘ডিপ্লোহাউস’-এর পরিচালক হামিদ রেজা গোলামজাদেহ সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের এক সপ্তাহ আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি চীন সফর করেন, যার মূল উদ্দেশ্য ছিল বেইজিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা।
গোলামজাদেহ উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের অবরোধ এবং সমুদ্রপথের বিভিন্ন বাধার কারণে ইরান তেল রপ্তানিতে চ্যালেঞ্জের মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে ইরান বর্তমানে আন্তর্জাতিক জলসীমায় ভাসমান তেলের ব্যারেলগুলো বিক্রির বিষয়ে চীনের সঙ্গে নিবিড় সমন্বয় করছে।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বিভিন্ন দেশের সমকক্ষদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখছেন যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট করা যায়।
তেলের বাজার ও কূটনীতির পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার বিষয়টিও এই সফরে গুরুত্ব পেয়েছে। গোলামজাদেহ জানান, আরাগচি চীনা কর্তৃপক্ষের সঙ্গে হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
বিশেষ করে ওই অঞ্চলের নৌ-চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তেহরান পূর্বে যে সকল পদ্ধতির প্রস্তাব দিয়েছিল, সেগুলো বাস্তবায়নের বিষয়েও দুই দেশের মধ্যে আলাপ-আলোচনা হয়েছে।
সূত্র: আল-জাজিরা।