
নিজস্ব প্রতিনিধি: সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সাতক্ষীরায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি ব্যাটালিয়নের আওতাধীন ৫৪ কিলোমিটার সীমান্তজুড়ে সার্বিক নিরাপত্তা জোরদারে বাড়ানো হয়েছে জনবল, টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী ও স্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে কঠোর তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি দিন-রাত ২৪ ঘণ্টা সীমান্তবর্তী এলাকায় মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো ব্যক্তি বা পক্ষ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে যাতায়াত কিংবা অনুপ্রবেশের সুযোগ না পায়।
রাতের অন্ধকারে সীমান্তের স্পর্শকাতর ও অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে বিজিবি আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। এসব এলাকায় সার্চলাইট ও থার্মাল ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে যৌথভাবে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সাতক্ষীরা- ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সাতক্ষীরা ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন।শুরত্বপূর্ন স্থনে চেকপোস্ট স্থাপন, মোবাইল পেট্রোলিং এবং সার্চলাইট ও থার্মাল ড্রোনের ব্যবহারের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।