
নিজস্ব প্রতিনিধ: সাতক্ষীরায় অবৈধ, অনিবন্ধিত ও ছাড়পত্রহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান অব্যাহত রাখা এবং এসব প্রতিষ্ঠান বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১টায় শহরের খুলনা রোড মোড়ে সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের মুখপাত্র মনজুরুল আলম বাপ্পি, সদস্য ইমরান ফরহাদ, মহিউদ্দিন কুরাইশ, সাব্বির আহমেদ, মিয়ারাজ হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জেলা শহরে গড়ে ওঠা অবৈধ, অনিবন্ধিত ও ছাড়পত্রহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলো চিকিৎসাসেবার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এসব প্রতিষ্ঠানে সেবার মান ও প্রয়োজনীয় অনুমোদন না থাকায় রোগীরা নানা ধরনের ভোগান্তি ও ঝুঁকির মধ্যে পড়ছেন।
বক্তারা আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী পাঁচ দিনের মধ্যে অবৈধ ও অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে প্রশাসনিক অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা না নিলে। অন্যথায় সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।