
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়।
পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির সরকার গঠনের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন পর্যন্ত (বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টা) গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৮৪ আসনে। ক্ষমতাসীন দল তৃণমূল ১০৭ আসনে এগিয়ে। অন্যদিকে, কংগ্রেস কোনো আসনেই এগিয়ে নেই।
তামিলনাড়ুতে আজ সোমবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ১০৭ আসনে এগিয়ে আছে অভিনেতা বিজয় থালাপতির দল টিভিকে। ডিএমকে এগিয়ে আছে ৪৯ আসনে। এ রাজ্যে এডিএমকে জোট এগিয়ে আছে ৭৭ আসনে।
কেরালায় এগিয়ে আছে ইউডিএফ। দলটি ৮৫ আসনে এগিয়ে আছে। আর এলডিএফ এগিয়ে আছে ৪২ আসনে।
আসামে বিজেপি ৯৮ আসনে এগিয়ে আছে। কংগ্রেস জোট এগিয়ে আছে ২৫ আসনে।
কেন্দ্রশাসিত পুদুচেরিতে এনআরসি জোট ১৭টি আসনে এগিয়ে আছে। টিভিকে ও কংগ্রেস জোট এগিয়ে আছে যথাক্রমে চার ও তিনটি আসনে।
তথ্যসূত্র: এনডিটিভি