• আজ- বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ
মব সৃষ্টি করে ৩ সাংবাদিকের বিরুদ্ধে ভুয়া মামলা: শ্যামনগরের ওসির প্রত্যাহার দাবী স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীসহ দুইজনের মৃত্যুদণ্ড সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুপ্রবেশ ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বিজিবির সতর্কতা জারি কালিগঞ্জে সেপ্টিট্যাংকে বিষাক্ত গ্যাসে ২ জনের মৃত্যু, আহত-২ সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন কালিগঞ্জে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আশাশুনির মাদরা-বাউশুলী গ্রামে ইলিয়াসের বাড়ীর সামনে থেকে চোরাই প্রাইভেট কার উদ্ধার কালিগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণায় সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি’র বাড়তি নজরদারি

মব সৃষ্টি করে ৩ সাংবাদিকের বিরুদ্ধে ভুয়া মামলা: শ্যামনগরের ওসির প্রত্যাহার দাবী

রিপোর্টার: / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

ট্যাগ দিয়ে মব সন্ত্রাস, পরে পুলিশে সোপর্দ

সাতক্ষীরা, যশোর ও ঢাকায় মব সন্ত্রাসের শিকার সাংবাদিকদের মুক্তি দাবী সাংবাদিক নেতাদের

 

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় রাজনৈতিক ট্যাগ দিয়ে সাংবাদিকের ওপর হামলা, অপহরণের চেষ্টা ও মব সৃষ্টির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিকেরা। এসব ঘটনার মধ্যে সাংবাদিক বিলাল হোসেনকে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা এবং তাকে না পেয়ে তার ৬৬ বছর বয়সী বাবাকে পুরোনো নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানোর ঘটনায় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম পাটোয়ারীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। ওসিকে থানা থেকে প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিকেরা।

 

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, অপহরণের চেষ্টা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়। সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র এ কর্মসূচির আয়োজন করে।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি রাজনৈতিক ট্যাগ দিয়ে দৈনিক আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি বিলাল হোসেনকে মধ্যরাতে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন উপজেলা যুবদল ও বিএনপির কয়েকজন নেতা-কর্মী। স্থানীয়দের বাধার মুখে তাকে তুলে নেওয়ার চেষ্টা ব্যর্থ হলে তিনি বাড়ির পাশের ঘেরে পালিয়ে প্রাণে রক্ষা পান। পরে তার ৬৬ বছর বয়সী বাবা আক্তার মল্লিককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরবর্তী সময়ে তাকে ২০২০ সালের একটি ঘটনায় দায়ের করা পুরোনো নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

 

বক্তারা আরও বলেন, একই দিন মব সৃষ্টি করে একটি সভা থেকে দৈনিক আলোকিত প্রতিদিনের শ্যামনগর প্রতিনিধি ইব্রাহিম খলিল ও দৈনিক গ্রামের কাগজের শ্যামনগর প্রতিনিধি ইয়াসিন মোড়লকে তুলে নিয়ে পুলিশের হাতে দেওয়া হয়। এছাড়া মোহনা টেলিভিশনের যশোর প্রতিনিধি স্বাধীন আব্দুল্লাহকেও তার গ্রামের বাড়ি যশোরের কেশবপুর থেকে মব সৃষ্টি করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

 

সাংবাদিক বিলালের বাবাকে গ্রেপ্তার দেখানোর ঘটনায় শ্যামনগর থানার ওসির ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, আক্তার মল্লিককে থানায় নেওয়ার পর ওসি সফিউল ইসলাম পাটোয়ারী সাংবাদিকদের বলেছিলেন, তাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। উত্তপ্ত পরিস্থিতিতে তার নিরাপত্তার স্বার্থে স্থানীয় লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাকে নিরাপত্তার জন্য থানায় নিয়ে আসে। কিন্তু ওসির এমন বক্তব্যের পরও কীভাবে তাকে পুরোনো নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলো, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

 

বক্তারা অভিযোগ করেন, ওসি সফিউল ইসলাম পাটোয়ারীর ভূমিকা দেখে মনে হচ্ছে, তিনি বর্তমান ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের দ্বারা প্রভাবিত হয়ে নিরপেক্ষতা হারিয়েছেন। তাকে অবিলম্বে শ্যামনগর থানা থেকে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে খুলনা রেঞ্জের ডিআইজি ও সাতক্ষীরার পুলিশ সুপারের উদ্যোগে তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তারা। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওসির বিরুদ্ধে বিভাগীয় মামলা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান বক্তারা। গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়েও বক্তব্য দেন সাংবাদিকেরা।

 

তারা বলেন, সাতক্ষীরায় সংঘটিত মবের ঘটনাগুলো নিয়ে গোয়েন্দা সংস্থার সদস্যদের মাঠপর্যায়ে প্রকৃত তথ্য সংগ্রহ করতে হবে। সংগৃহীত তথ্য সংশ্লিষ্ট দপ্তরসহ প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর আহ্বান জানান তারা। এ বিষয়ে প্রধানমন্ত্রী যথাযথ ব্যবস্থা নেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

 

বক্তারা এসব ঘটনাকে রাষ্ট্রের জন্য অশনিসংকেত উল্লেখ করে বলেন, ক্ষমতাকে প্রশ্ন করা সাংবাদিকদের কাজ। স্থানীয় অসংগতি ও অনিয়ম সরকারের দৃষ্টিতে আনার চেষ্টা করলেই সাংবাদিকদের ওপর মব সৃষ্টি করা হচ্ছে। এতে দেশের সাংবাদিক সমাজ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।

 

তারা আরও বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করা হলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা রক্ষা করতে হবে। রাজনৈতিক ট্যাগ দিয়ে সাংবাদিক নির্যাতন বন্ধ এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

মানববন্ধনে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক ও এখন টিভির আহসান রাজীব, বাংলানিউজের তানজির কচি, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, এনটিভির এসএম জিন্নাহ, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, এনপিবির হোসেন আলী, গ্লোবাল টিভির রাহাত রাজা, সাতক্ষীরার সকালের আলতাফ হোসেন বাবু, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, কালের কণ্ঠ ডিজিটালের আলী মুক্তদা হৃদয়, টাইম টুডের মিলন কুমার বিশ্বাস, দ্য এডিটরসের রিজাউল করিম, পত্রদূতের হাবিবুল হাসান, আমিনুল ইসলাম, মেহেদী হাসান শিমুল, প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি জাহিদা জাহান মৌ, ভলান্টিয়ার ফর বাংলাদেশের সাজেদুল ইসলাম, সাতক্ষীরা কমিউনিটির উম্মে ফুয়ারা রানী ও ল’ স্টুডেন্ট ফোরামের অহিদুল ইসলাম প্রমুখ।

 

এ সময় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা কমিউনিটি, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নসিঁড়ি ও ভলান্টিয়ার ফর বাংলাদেশের সদস্যরাও সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ