
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় প্রথম স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শওকত আলী ও সতিনের ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ জাকারিয়া হোসেন জনকীর্ন আদালতে এই রায় ঘোষণা করেন।
তবে রায়ের সময় আসামিরা আদালতের উপস্থিত ছিলেন। মামলা সুত্রে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের রইচ উদ্দীনের মেয়ে নাছিমা খাতুনের সাথে একই উপজেলার মাধবকাটি গ্রামের আবুল কাশেমের ছেলে শওকত আলীর পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর তাদের ঘরে দুটি সন্তান জন্মগ্রহণ করে। এরই মধ্যে শওকত আলী দুই লাখ টাকা যৌতুকের দাবিতে তার স্ত্রী নাছিমা খাতুনকে নির্যাতন করতে থাকে। বাধ্য হয়ে নাছিমা খাতুন বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে শওকত আলীকে দেয়। এরপরও তার উপর নির্যাতন থামেনি। এক পর্যায়ে শওকত আলী পৌরশহরের কুখরালী কলোনীপাড়ার আতিয়ার রহমানের মেয়ে হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে।
এসময় নাছিমা খাতুন ও তার সন্তানরা শহরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। একপর্যায় শওকত আলী তার প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণ পোষণ দেওয়া বন্ধ করে দেয়। এ নিয়ে নাছিমা খাতুন স্বামী শওকত আলী ও তার দ্বিতীয় স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে সাতক্ষীরা পৌরসভায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তাদের ২০১২ সালের ৩০ আগস্ট পৌরসভায় হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়।
পরে ২৯ আগস্ট সন্ধ্যা পৌনে ৮টার দিকে শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনা খাতুনের ভাই শফিকুল ইসলাম ও হাসিনার মা ছবিরন খাতুন ইটাগাছার ভাড়া বাড়িয়ে গিয়ে নাছিমা খাতুনকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।ওই সময় তার চিৎকারে এগিয়ে এসে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাছিমার।
এঘটনায় শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনার মা ছবিরণ খাতুন ও হাসিনার ভাই শফিকুল ইসলামকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্দকারি কর্মকর্তা তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ জাকারিয়া হোসেন মামলার নথি পর্যালোচনা ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি শওকত আলী ও তার শ্যালক শফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত মৃত্যুদণ্ডের আদেশ।
অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও হাসিনা খাতুনের মা ছবিরণ খাতুনকে বেকসুর খালাস প্রদান করেন। সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা আদালতের পরিদর্শক নাজমুল হক জানান, দন্ডপ্রাপ্ত আসামীদের কারাগারে পাঠানো হয়েছে।