
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনির আনুলিয়ায় বজ্রাঘাতে এক ঘের ব্যবসায়ীর মৃত হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিহত ব্যবসায়ী এমডি সুমন হোসেন (২৮)। তিনি আনুলিয়া ইউনিয়নের দক্ষিণ একসরা গ্রামের আঃ মান্নান মোল্লার ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে, সুমন প্রতিদিনের ন্যায় বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে বাড়ি থেকে দক্ষিন একসরা বিলে তার মৎস্য ঘেরে যান। রাতে ঘেরের বাসায় বজ্রপাত হলে তার মৃত্যু হয়। সকালে আঃ জলিল নামে এক ব্যক্তি কাঁকড়া কিনতে ঘেরে গিয়ে সুমন বলে ডাকাডাকি করে সাড়া-শব্দ না পেয়ে বাসার ভিতরে গিয়ে দেখেন মৃত অবস্থায় পড়ে আছে।
এসময় জলিল তার পরিবারের লোকদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। বৃহস্পতিবার আছর নামাজ বাদ দক্ষিন একসরা জামে মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুর সময় তার স্ত্রী ও এক পুত্র সন্তান ছিল।