
স্পোর্টস ডেস্ক: উরুগুয়ের কোপা এইউএফের একটি ম্যাচে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত সহিংসতার ঘটনা। মন্টেভিডিও সিটির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় হঠাৎ মাঠে ঢুকে পড়েন দানুবিওর একদল সমর্থক। তাদের লক্ষ্য ছিল খেলোয়াড়দের ওপর হামলা চালানো। এতে মুহূর্তেই ম্যাচের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

ম্যাচের শেষ দিকে নিরাপত্তাবেষ্টনী টপকে মাঠে প্রবেশ করেন উত্তেজিত সমর্থকেরা। তারা দানুবিওর খেলোয়াড়দের দিকে তেড়ে যান এবং একপর্যায়ে সেবাস্টিয়ান রদ্রিগেজকে ধাক্কা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা এগিয়ে আসার আগেই সতীর্থদের রক্ষায় এগিয়ে যান দলের ২০ বছর বয়সি গোলরক্ষক কেভিন মার্তিনেজ।
নিজের গোলপোস্ট ছেড়ে মাঠের মাঝখানে ছুটে গিয়ে সমর্থকদের সামনে দাঁড়ান মার্তিনেজ। সতীর্থদের নিরাপদ রাখতে গিয়ে একপর্যায়ে তিনি সমর্থকদের সঙ্গে সরাসরি হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে দলের অন্য খেলোয়াড় ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি শান্ত করা সম্ভব হয়। বড় ধরনের কোনো শারীরিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও মাঠে সমর্থকদের এমন আগ্রাসী আচরণ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। ঘটনার জন্য দানুবিও ক্লাবকে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে।