
সম্প্রতি খুলনার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কেসিসি প্রশাসক।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনার মানুষ বাঁচবে না, এখানে কোনো উন্নয়ন হবে না। মানুষ অন্ধকারাচ্ছন্ন একটি শহরে বসবাস করবে। পরিস্থিতির পরবর্তী ধাপ হবে, মানুষ আর এই শহরে থাকবে না। ব্যবসায়ীরা ইতোমধ্যে খুলনা ত্যাগ করেছেন।
তিনি আরও বলেন, অনেকেই বাকরুদ্ধ হয়ে গেছেন। কেউ মুখ খুলতে পারছেন না। কার কাছে অভিযোগ করবেন, তা নিয়েও মানুষের মধ্যে ভয় কাজ করছে। অভিযোগ ফাঁস হয়ে গেলে গুলির শিকার কিংবা হত্যার শিকার হতে হবে এমন আশঙ্কায় অনেকে চাঁদা দিলেও মুখ খুলছেন না। নগরীতে এক ধরনের নীরব চাঁদাবাজি চলছে। চাঁদার অঙ্কও ছোটখাটো নয়, লাখ লাখ থেকে কোটি কোটি টাকা। পাঁচ-ছয়টি গ্রুপ এভাবে চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেন তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন কেসিসি প্রশাসক। তিনি বলেন, পুলিশকে আরও কঠোর ও দায়িত্বশীল হতে হবে। প্রয়োজনে সব বাহিনীকে নিয়ে যৌথ বাহিনী গঠন করে কম্বিং অপারেশন চালাতে হবে। এমনকি কারফিউ জারি করে হলেও অপরাধীদের গ্রেপ্তার করতে হবে।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, যারা মানুষকে জিম্মি করে এবং হত্যা করে, তাদের বিরুদ্ধে হালকা পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। খুলনার মানুষ এ পরিস্থিতির অবসান চায়।
নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, হাসপাতাল, ক্লিনিক ও সেবাকেন্দ্রের মতো প্রতিষ্ঠানেও ভাঙচুর করা হচ্ছে। রেস্টুরেন্টে হামলা চালানো হচ্ছে। কোচিং সেন্টারগুলোতে চাঁদাবাজি চলছে। চিকিৎসক ও ব্যবসায়ীরা আতঙ্কে ফোন খুলে রাখতেও ভয় পাচ্ছেন। দোকানে দোকানে চাঁদাবাজির অভিযোগও করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে কেসিসি প্রশাসক বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) খুলনায় পাঠিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে বসে সন্ত্রাসীদের গ্রেপ্তারে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কীভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেসিসি প্রশাসকের এমন বক্তব্যের পর নগরীর ব্যবসায়ী, চিকিৎসক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।