
স্পোর্টস ডেস্ক: আগামী জুনের শেষ দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। ইতোমধ্যে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
সিরিজের শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে। আগামী ২৮ জুন হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে লাল বলের এই লড়াই। এরপর একই ভেন্যুতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৬ জুলাই প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ৯ ও ১১ জুলাই।
ওয়ানডে পর্ব শেষ হওয়ার পর দুই দল পাড়ি জমাবে বুলাওয়েতে। সেখানে কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৫ জুলাই। পরবর্তী দুটি ম্যাচ হবে ১৭ ও ১৯ জুলাই।Advertisement
এর আগে ২০২২ সালের জুলাই-আগস্টে সর্বশেষ জিম্বাবুয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল টাইগাররা। তবে দুই ফরম্যাটেই ২-১ ব্যবধানে সিরিজ হেরে হতাশ হয়ে ফিরতে হয়েছিল সফরকারী দলকে।
এবার সেই তিক্ত স্মৃতি ভুলে নতুন করে ভালো কিছু করার লক্ষ্য থাকবে বাংলাদেশ দলের। টাইগারদের সামনে থাকবে আগের ব্যর্থতা কাটিয়ে সফলভাবে সফর শেষ করার সুযোগ।
প্রায় চার বছর পর বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি। তিনি জানিয়েছেন, বাংলাদেশের এই সফর তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তার আশা, সব ফরম্যাট মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ একটি সিরিজ উপভোগ করবেন ক্রিকেটপ্রেমীরা। পাশাপাশি সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ভালো পারফরম্যান্সের পর দেশের মাঠে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় তারা বেশ উচ্ছ্বসিত। হারারে ও বুলাওয়ের দর্শকদের সমর্থন দলকে আরও অনুপ্রাণিত করবে বলেও মনে করেন তিনি।