স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জিতেন মণ্ডলের সাথে তার চাচাতো ভাই পাঁচু মণ্ডলের দুই ছেলে তপন মণ্ডল (৩০) ও ভগেন মণ্ডলের (৩৫) জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত শুক্রবার (২১ আগস্ট) সকালে তপন ও ভগেন অতর্কিতে জিতেনের ওপর আক্রমণ চালায়। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায় তারা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।ঘটনার পর নিজেদেরকে বাঁচাতে অভিযুক্ত দুই ভাই সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শনিবার (২২ আগস্ট) ভোরে ভারতের বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার আমুদিয়া ক্যাম্পের বিএসএফের টহলদল তাদের আটক করে বলে সীমান্তের একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার পর জিতেন মণ্ডলের মৃত্যুর খবর পেয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শুরু করেছে। ভারতে আটক দুই আসামিকে দেশে ফেরত আনতে বিজিবির মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে।
এ বিষয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক জানান, আটক আসামিদের দ্রুত বাংলাদেশে হস্তান্তরের জন্য বিজিবি ও বিএসএফ-এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।
এদিকে, অভিযুক্তদের দ্রুত দেশে ফিরিয়ে এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।