
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও গুলিসহ এক অস্ত্রধারী যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-৬,সিপিসি-১, সাতক্ষীরার একটি আভিযানিক দল।
আটককৃত ব্যক্তির নাম মো. আরিফুল ইসলাম (৩১)। সে সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকার মো. জয়নাল সরদারের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া এলাকায় অভিযানকালে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং ১১ রাউন্ড গুলিসহ মো. আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।