
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ও ভালুকা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আল কালাম আবু ওয়াহিদ বাবলু।
সম্প্রতি বিদ্যালয় পরিচালনা কমিটির গঠনতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। তার এ নির্বাচনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহলের মধ্যে আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।
শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন আল কালাম আবু ওয়াহিদ বাবলু একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষাবিদ হিসেবে এলাকায় সুপরিচিত। তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং বিদ্যালয়ের অবকাঠামোগত ও শিক্ষার পরিবেশ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এদিকে সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ আল কালাম আবু ওয়াহিদ বাবলু সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।