
নিজস্ব প্রতিনিধি: মাদক নির্মূলে যখন সবাই সোচ্চার, ঠিক তখনই সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর বাজার মাদকের আখড়ায় পরিণত হয়েছে। ফলে অতিষ্ট হয়ে উঠেছে স্থানীয়রা। আবার মাদকের বিরুদ্ধে মূখ খুলতেও কেউ সাহস পায়না। কারণ সেখানে আছে মাদকের সিন্ডিকেট। মূখ খুললেই বিপদে পড়তে হয় এসব সিন্ডিকেটের মাধ্যেমে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, উপজেলার শ্রীরামপুর বাজারের মিল্টন মার্টে চা, ভাজা ও মুদি ব্যবসার পাশাপাশি মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে একই এলাকার আব্দুল গফুরের ছেলে নাজমুল (৩৮)। সারাদিন সে দোকানদারীর পাশাপাশি কোরেক্স, ইয়াবা ও গাঁজা ব্যবসা করে আসছে।
আর এসব মাদক সে একই এলাকার মৃত গুঞ্জর বিশ্বাসের ছেলে পাইকারী মাদক ব্যবসায়ী জাকিরের কাছ থেকে নিয়ে থাকে। জাকির একাধিক মাদক মামলার আসামি। যতি কারো কোরেক্স, ইয়াবা ও গাঁজা কিনতে নাজমুলের কাছে আসে, তবে সে জাকিরের কাছে ফোন দেয়। ২/৫ মিনিটের মধ্যে জাকির মাদক নিয়ে নাজমুলের কাছে হাজির হয়। সেখান থেকে মাদকাসক্তরা টাকার বিনিময়ে দেদারসে মাদক সংগ্রহ করছে।
যদিও এর আগে সাতক্ষীরা ডিবি পুলিশ নাজমুলের দোকানে অভিযান পরিচালনা করলেও কোন মাদক না পাওয়ায় তাকে আটক করতে পারেনি। ধুরন্ধর এ মাদক ব্যবসায়ী পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেদারসে মাদক বিক্রি করলেও ধরা ছোয়ার বাইরে আছে এ মাদক ব্যবসায়ী।
এব্যাপারে মাদক বিক্রেতা নাজমুলের মুঠো ফোনে রিং দিলে তিনি মাদক বিক্রয় করেন না বলে জানান।
স্থানীয়রা তাকে গ্রেফতার করতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।