
শাহীন বিশ্বাস, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও গণসংযোগ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। বিভিন্ন রাজনৈতিক দল ও মতাদর্শের প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে ব্যস্ত সময় পার করছেন।
এবারের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৪ জনের নাম বেশি আলোচনায় রয়েছে তারা হলেন— নগরঘাটা ছাত্রদলের সাবেক সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম মনি, মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন ও জনকল্যাণ মূলক রাজনীতির পক্ষের শক্তির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান লিপু, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী সরদার, নগরঘাটা ইউনিয়ন জামায়াত ইসলামীর সদস্য ও বিশিষ্ট ব্যাবসায়ী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ ইবাদুল ইসলাম।
এছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের সমর্থনে চলছে উঠান বৈঠক, গণসংযোগ লিফলেট ও মতবিনিময় সভা করছেন। সাধারণ ভোটারদের মাঝেও নির্বাচনকে ঘিরে বাড়ছে আগ্রহ ও আলোচনা। স্থানীয়দের মতে, এবার নগরঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট।
এ ব্যাপারে কামরুজ্জামান লিপু বলেন, আমার ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম মনি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচন করার জন্য প্রতেকটি বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালিয়ে যাচ্ছি, লিফলেট বিতরন সেই সাথে মানুষের সাথে কথা বলছি আমাকে যদি ভোট দিয়ে জনগণ পাস করায় তাহলে আমি এই ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। নির্বাচন ঘিরে নগরঘাটা ইউনিয়নের সাধারণ ভোটারদের প্রত্যাশা, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন, সুশাসন ও নাগরিক সেবার মান আরও বৃদ্ধি করবে।