
শাহিন বিশ্বাস, পাটকেলঘাটা (তালা প্রতিনিধি) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় মহেন্দ্র উল্টে পড়ে মা ও ছেলে নিহত হয়েছে। এসময় আরো ৬জন আহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় খুলনা–সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার ভৈরবনগর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা সদর থানার ভোমরা ইউনিয়নের আব্দুস সালামের স্ত্রী শারমিন (৩৮) এবং তার ছেলে মুস্তাকিম (৯) ঘটনাস্থলেেই নিহত হয়।
পুলিশ জানায়, নিহত শারমিনের পিতার বাড়ি তালা উপজেলার খলিলনগর গ্রামে। পিতার বাড়ি থেকে মা ও ছেলে মাহেন্দ্রযোগে শ্বশুরবাড়ি ভোমরার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ভৈরবনগর মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় মহেন্দ্রের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও পুত্রের মৃত্যু হয়।
ঘটনার বিষয়ে তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শেখ মো. নুরুল্লাহ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মহেন্দ্রটি উল্টে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।