
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনির খাজরা ইউনিয়নে চুরির দু’দিন পরে গভীর রাতে বাড়ির ভিতরে প্রবেশ করার প্রতিবাদ করায় মালিককে বাড়ি থেকে তুলে নিয়ে প্রকাশ্যে মারপিট করে রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে থানায় লিখিত এজাহার জমা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কাপসন্ডা ও গদাইপুর এলাকায়।
কাপসন্ডা গ্রামের মৃত আবু তালেব গাজীর ছেলে নজরুল গাজী বাদী হয়ে গদাইপুর গ্রামের আইয়ুুব গাজীর ছেলে সুজন গাজী, মোস্তফা সরদার (খোকা) এর ছেলে আরাফাত সরদার, হুমায়ুুন কবির ওরফে ভুটুর ছেলে সাইফুল ইসলাম সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে অভিযোগে বলেন, রাস্তার পাশে তার বসত বাড়ী সহ দোকান ঘর আছে।
গত ৫ অক্টোবর রাত ৯ টার দিকে তিনি ঘরের দরজায় তালা লাগিয়ে ঘের পাহারায় যায়। রাত সাড়ে ১১ টায় বাড়ীতে ফিরে দেখে দরজার তালা ভাঙ্গা। তার ডাকচিৎকারে স্থানীয়রা গিয়ে দেখেন বাক্সে থাকা নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা, ১ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন স্বর্ণালংকার, ভোটার আইডি কার্ড, ব্যাংকের চেক বই চুরি হয়ে গেছে।
গত ৭ অক্টোবর দিবাগত রাত দেড় টার দিকে বাড়ীর প্রাচীরের মধ্যে শব্দ হলে নজরুলের ঘুম ভেঙ্গে যায়। টর্চ লাইট নিয়ে ঘরের বাইরে গিয়ে দেখে সুজন ঘরের পূর্ব পাশে দেওয়ালের গায়ে দাঁড়িয়ে আছে। ধরধর বলা মাত্রই পাশ্ববর্তী তার শ্বশুর বাড়ীর বেড়ের মধ্যে চলে যায়। সুজনের শ্বশুরবাড়ির লোকজনকে ডেকে তাকে ধরার চেষ্টা করলে তা সম্ভব হয়নি। তখন সুজনের পিতার কাছে মোবাইলে জানালে সকালে ব্যবস্থা নেবে বলে জানান।
গত ৮ অক্টোবর সকাল ১০ টার দিকে অভিযুক্তরা প্রকাশ্যে নজরুলের বাড়ীতে ঢুকে তার জামার কলার ধরে বাইরে এনে সুজন বলে, আমি চুরি করেছি বেশ করেছি, তুই কি করবি বলে সবাই মিলে রড ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ী মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। রড দিয়ে মাথায় আঘাত করতে গেলে সামান্য সরে যাওয়ায় আঘাত তার বাম কাধে লাগায় গুরুতর জখম হয়, পরে নির্মম ভাবে মারপিট করে আহত করা হয়। স্বাক্ষীরা সহ আশপাশের লোকজন উপস্থিত হলে তাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে তারা চলে যায়। তাকে আশাশুনি হাসপাতালের জরুরি বিভাগ হতে প্রাথমিক চিকিৎসা করান হয়।